বাংলায় শারদীয়া আগত | আজ বাংলা থেকে এতটা দূরে তার ঢাকের ধ্বনি স্পষ্ট আসছে না , তবে আমার অফিসের জানলার বাইরে নীল আকাশে পেঁজা তুলোর মত মেঘগুলো নিয়ে আসছে অনেক স্মৃতি | ...
বর্ষা সবে থেমে গিয়েছে, কিন্তু আমার বাড়ি থেকে দেখতে পাওয়া নৌকোর পালের খানিকটা তখনো ভিজে | সে নৌকা আটকে পড়েছে ভাঁটিতে , ঠিক যেমন শাদাবালিতে মেঘের কোল থেকে উঁকিদেয়া রোদ্দুর |
বিকেলের ট্রেনে করে বাড়ি ফিরছি কোলকাতা থেকে, বাগনানের পর থেকে কোলাঘাট ছাড়িয়ে মেচাদা অব্দি লাইনের দু-ধারে হাজারে হাজারে কাশফুল, রূপনারায়নের দুপাড়ে তখন শারদীয়ার আগমনী আকাশে, বাতাসে এবং কাশের ক্ষেতে |
পুজোর ছুটি কাটিয়ে ফিরে যাচ্ছি মুম্বাইতে | তখনো আকাশে শরতের মেঘ লেগে, সূর্য ঢোলে পড়ছে পাহাড়িয়া জঙ্গলের কোলে | ট্রেনটা হুস করে অবহেলায় পেরিয়ে গেল ছোট্ট একটা স্টেশন - নাম 'সারদিয়া' |
শরতের এ রূপ ক্ষণস্থায়ী, ঠিক যেমন হিমালয় থেকে উমার বাপের বাড়িতে বেড়াতে আসা | তবু ইচ্ছে --
" এবার আমার উমা এলে আর উমায় পাঠাব না
বলে বলুক লোকে মন্দ কারুর কথাই শুনব না | "
